• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাম মোকাবিলায় আসছে ৬০৪ কোটি টাকার টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৩০ মার্চ ২০২৬, ০২:৫৫ পি.এম.
সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী-ছবি-ভিওডি বাংলা

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয়টি রোগের টিকা সংগ্রহে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং এ অর্থ ইতোমধ্যে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খুব শিগগিরই হামসহ ছয়টি রোগের টিকা দেশে আনা হবে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই টিকা পৌঁছানোর আশা করছি।”  

তিনি আরও বলেন, টিকা আসার সঙ্গে সঙ্গে দেশব্যাপী টিকাদান কর্মসূচি জোরদার করা হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের পর দেশে হামের বিরুদ্ধে বড় ধরনের কোনো ক্যাম্পেইন পরিচালিত হয়নি। ফলে নতুন করে সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিশুদের মধ্যে বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য খাতে প্রস্তুতিও বাড়ানো হয়েছে। তিনি জানান, সরকারিভাবে অতিরিক্ত ২০টি ভেন্টিলেশন সুবিধা প্রস্তুত রাখা হয়েছে, যাতে গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া যায়।

এদিকে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকার অর্থ ইতোমধ্যে ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। এখন ক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন পেলেই টিকা সরবরাহ প্রক্রিয়া শুরু হবে। “আমরা আশা করছি এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা পাওয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে বিতরণ করা হবে,” বলেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সংক্রামক রোগ মোকাবিলা, নার্সিং সেবা উন্নয়ন এবং আইসিইউ সুবিধা সম্প্রসারণে দুই দেশের যৌথ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে পাঁচ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানানো হয়েছে, যার কাঠামো আগামী মে মাসের মধ্যে নির্ধারণ করা হবে।

অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো বড় একটি অংশ ঝুঁকিতে রয়েছে। সংস্থাটির তথ্যমতে, প্রায় পাঁচ লাখ শিশুর টিকাদান নিয়ে উদ্বেগ রয়েছে। এর মধ্যে প্রায় চার লাখ শিশু সব টিকা সঠিকভাবে পায়নি এবং প্রায় ৭০ হাজার শিশু একেবারেই টিকা গ্রহণ করেনি।

বিশেষ করে শহরাঞ্চলে টিকাদানের হার তুলনামূলক কম। সেখানে মাত্র ৭৯ শতাংশ শিশু সম্পূর্ণ টিকা পেয়েছে। এছাড়া ২ দশমিক ৪ শতাংশ শিশু এক ডোজ টিকাও পায়নি এবং প্রায় ১০ শতাংশ শিশু পূর্ণ ডোজ সম্পন্ন করতে পারেনি। বিপরীতে গ্রামাঞ্চলে এ হার তুলনামূলক ভালো-প্রায় ৮৫ শতাংশ শিশু সব ডোজ টিকা পেয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ডেঙ্গুর বহুমুখী সংক্রমণ, কো-সংক্রমণ বৃদ্ধি
চট্টগ্রামে ডেঙ্গুর বহুমুখী সংক্রমণ, কো-সংক্রমণ বৃদ্ধি
মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে
সরদার সাখাওয়াত: মানুষকে ডাক্তার খুঁজতে হবে না, ডাক্তার মানুষের কাছে পৌঁছাবে
আজ বিশ্ব ক্যানসার দিবস
আজ বিশ্ব ক্যানসার দিবস