গাজীপুরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়, যা পরবর্তীতে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় বাবর আলী মার্কেটের একটি দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল বলে অভিযোগ ছিল।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট দোকান থেকে ড্রাম ও বিভিন্ন কন্টেইনারে সংরক্ষিত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, এসব জ্বালানি তেল সংরক্ষণের জন্য কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল না।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “রাতে খবর পাই যে একটি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।”
তিনি আরও জানান, লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ ও জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে অগ্নিকাণ্ডের ঝুঁকি যেমন থাকে, তেমনি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ তৈরি হয়।
অভিযান শেষে জব্দ করা ডিজেল দ্রুত সাধারণ ক্রেতাদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এতে স্থানীয় বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অবৈধ মজুদদারি সহ্য করা হবে না। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







