মধুপুরে ভুয়া পুলিশ তদ্বিরকারী মিজানুর আটক

টাঙ্গাইলের মধুপুর থানায় ভুয়া পুলিশ পরিচয়ে তদ্বির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন মো. মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তি। আটক মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার গ্রামে। তার পিতার নাম গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এসে তিনি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।
এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদ্বির করতে আসেন।
থানার এসআই সেলিম তালুকদারের কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।
একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদ্বির করতে এসেছিলেন।
পুলিশ আরও জানায়, তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এই প্রতারণার চেষ্টা করেন।
এ ঘটনায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল।
ভিওডি বাংলা-মো. লিটন সরকার/জা







