আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা আলোচনায় অংশ না নেয়, তবে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে দেশটি। তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প দাবি করেন, “যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ না করলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়ত।”
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানিরা ভালো যোদ্ধা নয়, তবে তারা খুব দক্ষ আলোচক। চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি না।”
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী বড় অঙ্গনে নিষ্ক্রিয় রয়েছে। ট্রাম্পের বক্তব্য, “আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি। তারা পরাজিত হয়েছে; তারা ফিরে আসার চেষ্টা করছে না। তাদের এখন চুক্তি করার সুযোগ রয়েছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।”
ট্রাম্প আরও জানান, “আমরা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত ধ্বংস করছি, প্রতিরক্ষা শিল্পের ঘাঁটি ভেঙে দিয়েছি। নৌবাহিনী ও বিমানবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এবং ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করেছি।”
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সময়ের চেয়ে অনেক এগিয়ে’। তিনি বলেন, “প্রাথমিক হিসাব অনুযায়ী ইরান চার থেকে ছয় সপ্তাহ টিকে থাকবে বলে ধারণা করা হয়েছিল।”
ট্রাম্প গত শনিবার হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময় দিয়েছেন। এরপর সোমবার তিনি দুই দেশের আলোচনার দাবি জানান এবং পাঁচ দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার ঘোষণা দেন।
ভিওডি বাংলা/এমএস







