জানালেন ট্রাম্পের দূত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র পাকিস্তানের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে উইটকফ ট্রাম্পকে জানিয়েছেন, “আমি আজ আপনাকে জানাতে পারি যে, আমরা আপনার পররাষ্ট্রনীতি বিষয়ক দলের সঙ্গে মিলে একটি ১৫-দফার কর্মপরিকল্পনা পেশ করেছি, যা একটি শান্তি চুক্তির কাঠামো হিসেবে কাজ করবে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান সরকারের মাধ্যমে এটি আদান-প্রদান করা হয়েছে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও নিশ্চিত করেছেন যে তার দেশ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “এই ১৫-দফার পরিকল্পনাটি বর্তমানে ইরান বিবেচনা করছে।”
উইটকফ আরও বলেন, এই কাঠামোটি ইতিমধ্যেই শক্তিশালী ও ইতিবাচক বার্তা প্রদান করেছে এবং কূটনৈতিক আলোচনার পথ সুগম করেছে। তবে সংবেদনশীলতা বিবেচনা করে তিনি বিস্তারিত শর্তাবলি প্রকাশের বিষয়ে মুখ বন্ধ রাখেন।
এর আগে সিএনএন জানিয়েছিল, এই কর্মপরিকল্পনায় তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্প প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য কর্মকর্তারা এই সপ্তাহের শেষে পাকিস্তানে বৈঠক করার চেষ্টা করছেন, যাতে ইরান সম্পর্কিত যুদ্ধ পরিস্থিতিকে সম্মানজনকভাবে সমাপ্ত করার উপায় খুঁজে বের করা যায়।
ভিওডি বাংলা/এমএস







