পটুয়াখালীতে লঞ্চ-ট্রলার দুর্ঘটনায় নিহত দুজনই রাঙ্গাবালীর বাসিন্দা

পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চ ও তরমুজবাহী ট্রলারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা উভয়েই রাঙ্গাবালী উপজেলার বাসিন্দা।
বুধবার (২৫ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী ‘আওলাদ ৭’ নামের একটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের সঙ্গে একটি তরমুজবাহী ট্রলারের সংঘর্ষ ঘটে। এতে ট্রলারটি প্রায় ৪০০ তরমুজসহ নদীতে ডুবে যায়। এতে দুই জন নিখোঁজ হয়।
দুর্ঘটনার পর নিখোঁজ থাকা ওই দুইজনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়ে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের রেজাউল হাওলাদার (৩৫)।
জানা গেছে, ট্রলারটিতে মোট ৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন ট্রলারের কেবিনে অবস্থান করছিলেন। সংঘর্ষের সময় কেবিনে থাকা তিনজনের একজন বের হতে সক্ষম হলেও বাকি দুইজন ভেতরেই আটকা পড়েন। পরবর্তীতে তারা নিখোঁজ হন এবং পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, রাতের অন্ধকারে লঞ্চ ও ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/মোঃ কাওছার আহম্মেদ/আ







