বগুড়া
জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শ্রমিক কল্যাণ নেতা

বগুড়া জেলা শহরের একটি হোটেলে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন মো. শাহ্ নেওয়াজ হোসেন খালিদ। তিনি জেলা জামায়াতের রুকন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে শহরের ৭১ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের দলীয় প্রার্থী মো. রেজাউল করিম বাদশা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে শাহ্ নেওয়াজ হোসেন খালিদ বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এই জেলায় বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমি জামায়াতে ইসলামী ছেড়েছি। দীর্ঘদিন লক্ষ করেছি, জামায়াত ইসলামের নাম ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে রাজনীতি করতে চায়, যা ইসলামের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
এ সময় শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ. স. ম. জাকারিয়া/আ







