ঈদের ছুটির শেষে ঢাকাফেরা মানুষের ঢল

ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে ঢাকায় মানুষের ঢল শুরু হয়েছে। সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ায় মঙ্গলবার থেকে রাজধানীর কর্মক্ষেত্রে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে ঢাকায় ফেরার সঙ্গে সঙ্গে অনেকে আবার বাড়ি ফিরছেন।
বুধবার (২৫ মার্চ) সরেজমিন গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, যাত্রীবোঝাই হয়ে টার্মিনালে ভিড়ছে দূরপাল্লার বাসগুলো। অগ্রিম টিকিটের যাত্রী ফেরত আনতে যাত্রী নামিয়েই বাসগুলো ফের রওনা দিচ্ছে দূরপাল্লার উদ্দেশে।
ঢাকাফেরত যাত্রী মো. কামরুল জানান, “আগেই টিকিট কেটে রেখেছিলাম। কোনো ভোগান্তি হয়নি, স্বস্তিতেই ঢাকায় পৌঁছেছি।” আরেক যাত্রী রাকিবুল ইসলাম বলেন, “ঢাকায় আসতে কোনো বড় জ্যাম হয়নি। সবমিলিয়ে ভালোভাবে আসতে পেরেছি।”
ঢাকায় ফেরার সঙ্গে সঙ্গে আজও অনেক মানুষ আবার বাড়ি যাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ও পরবর্তী দুই দিনে সরকারি ছুটিসহ তিন দিনের ছুটি কাটাতে তারা গ্রামে ফিরছেন। মাগুরাগামী যাত্রী কাউছার আহমেদ বলেন, “এবার ঈদে অফিসে কাজ করতে হয়েছে। এখন ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি।” চুয়াডাঙ্গাগামী আলম শেখ বলেন, “ঈদটা ঢাকাতেই কাটিয়েছি। আজ বাড়ি যাচ্ছি, রোববার সকালে ঢাকায় ফিরব।”
সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আল আমিন জানান, “ঢাকার বাইরে থেকে প্রতিটি বাসই যাত্রীবোঝাই হয়ে ফিরছে। এখন পর্যন্ত গাবতলী টার্মিনালে ছয়টি বাস ঢাকায় এসেছে। ঢাকাও ছাড়ছে অনেকে, তবে সংখ্যাটি কম।”
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, “ঢাকা থেকে ছাড়ার বাসগুলো অল্প যাত্রী নিয়ে যাচ্ছে। কিন্তু ঢাকায় ফিরতি বাসগুলো পরিপূর্ণ। সার্বিকভাবে যাত্রীদের কোনো ভোগান্তি নেই।”
ভিওডি বাংলা/জা







