মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রাতেই শহরের শকুনি লেকপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আহত কাবির মোল্লা জানান, তিনি তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে কয়েকজন এই হামলায় অংশ নেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
মাদারীপুর জেলা যুবদলের এক নেতা অভিযোগ করে বলেন, পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/আ







