খাল খননে ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করবে সরকার

কর্মসংস্থান বাড়াতে ড্রেজার ব্যবহার না করে খাল খননে শ্রমিক যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ড্রেজারের পরিবর্তে শ্রমিক ব্যবহার করে খনন কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শ্রমিক ব্যবহারেসিরকারের সিদ্ধান্তের কথা জানান।
দেশব্যাপী নদী, নালা ও খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এ খনন কাজ হচ্ছে।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ড্রেজার দিয়ে কাজ করলে খরচ কম হয়, কিন্তু শ্রমিক দিয়ে কাজ করলে কিছুটা বেশি ব্যয় হলেও এতে মানুষের কর্মসংস্থান তৈরি হয়। আমরা চাই এই অর্থ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। একজনকে ধনী করার পরিবর্তে শত মানুষের জীবিকা নিশ্চিত করতে চাই।’
‘আমরা মানুষকে ঢাকামুখী করতে চাই না। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করছি‘, বলেন মন্ত্রী।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কৃষ্ণ কমল সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাফসান জানি প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আরআর







