নাসিরনগরে ফের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত লোক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠী ও কাসেম মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিম গোষ্ঠীর আক্তার মিয়া এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হাবিবুর রহমান। ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে রহিম তালুকদার গোষ্ঠীর জিয়াউর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। এ ঘটনার জন্য জিয়াউর একই গ্রামের কাসেম গোষ্ঠীর শিশু মিয়াকে সন্দেহ করেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি জিয়াউর রহমান শিশু মিয়াকে মোটরসাইকেলসহ আটক করে মারধর করেন এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
গত ১৭ মার্চও এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







