ইরাকের পিএমএফ ঘাঁটিতে হামলা, কমান্ডারসহ নিহত ৬

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে শিয়া আধাসামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় বাহিনীটির আনবার অঞ্চলের অপারেশন কমান্ডারসহ অন্তত ৬ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্র জানায়, এই হামলায় একটি কমান্ড সদর দপ্তরকে সরাসরি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। সংশ্লিষ্ট বাহিনী এক বিবৃতিতে তাদের গুরুত্বপূর্ণ কমান্ডার সাদ আল-বাইজি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এই বাহিনী, যা স্থানীয়ভাবে হাশদ আল-শাবি নামে পরিচিত। তাদের দাবি, যোদ্ধারা দায়িত্ব পালনরত অবস্থায় থাকতেই এই অতর্কিত হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, এই বাহিনীটি মূলত শিয়া আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি জোট, যা বর্তমানে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করছে। এর কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধের প্রেক্ষাপটে এই হামলা হয়ে থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : রয়টার্স
ভিওডি বাংলা/আ







