ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান: লক্ষ্য ইসরায়েলের যুদ্ধবিমান

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের আকাশসীমায় তাদের বিমানবাহিনীর একটি অভিযানের সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে ঘটনাটি কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তাদের ক্রু সদস্যরা নির্ধারিত প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেন। এতে কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি এবং পরিকল্পনা অনুযায়ী অভিযান সম্পন্ন হয়েছে।
অন্যদিকে তেহরান দাবি করেছে, তেল আবিব-এর কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর-এ জ্বালানি সংরক্ষণাগার এবং জ্বালানি পরিবহনকারী একটি উড়োজাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক বিমানের উড্ডয়ন ও জ্বালানি সরবরাহ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে বলে দাবি করা হয়।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, তাদের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর যৌথ হামলায় ইসরায়েলকে কিছু সেনা সদস্য সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ইরানের ওপর থেকে হুমকি সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, তেল আবিব থেকে কয়েক কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিটের কার্যক্রম এবং যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যবস্থা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
ভিওডি বাংলা/আ







