ঢাকা-দিল্লির দূরত্ব ঘোচাতে জয়শংকর- হামিদুল্লাহর বৈঠক

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে আলোচনা করেছেন। দুপুরে এস জয়শংকর ও এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এ তথ্য জানান।
দিল্লির স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (২০ মার্চ) সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এম রিয়াজ হামিদুল্লাহ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য।
বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি।
দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার বিকালে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর।
প্রসঙ্গত, গত বছরের মে মাসে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহ দায়িত্ব পালন করছেন। ভারতে কাজ শুরুর পর এই প্রথম শুক্রবার তিনি সে দেশে মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ।
এদিকে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আইওরা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন।
ভিওডি বাংলা/আরআর







