ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম

সাবেক অন্তর্বর্তী সরকারের গঠিত ‘ঐকমত্য কমিশনে’ বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল বলে জানিয়েছেন সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, আমরা ‘আশা করি জনগণের রায় মেনে নিয়ে, দরকার হলে সরকারি দল বিরোধী দল আলাপ-আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।’
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
২০১১ সালে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন আপিল বিভাগ। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ বছর আগের সেই রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছিলেন বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি। আপিল বিভাগ সেই আবেদন আপিল হিসেবে গ্রহণ করেন। শুনানির পর গত বছর ২০ নভেম্বর রায় দেন আপিল বিভাগ। রায়ে ২০১১ সালের রায় বাতিল করলে সংবিধানে ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়।
৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত ১২ মার্চ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আবেদনকারী হিসেবে এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলন ডাকেন বদিউল আলম মজুমদার। সেখানে তাঁর সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া ও আইনজীবী কারিশমা জাহান। ত্রয়োদশ সংশোধনীর মামলায় বদিউল আলম মজুমদারের আপিল শুনানি করেছিলেন এ দুই আইনজীবী।
ত্রয়োদশ সংশোধনীর রায়ে আনন্দিত জানিয়ে সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, ‘ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কিভাবে দেখব, তা নির্ভর করবে দুটি জিনিসের ওপর। একটা হলো—পঞ্চদশ সংশোধনীর মামলার রায়। এই রায়ে তারা (আপিল বিভাগ) কী রায় দেন এবং পর্যবেক্ষণ দেন। দ্বিতীয়টা হলো—জুলাই সনদ যে স্বাক্ষরিত হয়েছে, গণভোটে যে পাস হয়েছে ৪৮টা বিষয়ে, তার ওপর।
(তত্ত্বাবধায়ক সরকার চূড়ান্ত হবে) গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, তার মাধ্যমে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।’
সংসদে সংবিধান সংস্কার পরিষদের গঠন নিয়ে বিতর্ক চলছে। পরিষদ গঠন না হলে কী হবে, জানতে চাইলে সুজনের সম্পাদক বলেন, ‘এটা দেখার বিষয়। আমরা অপেক্ষা করতে পারি। আশা করি রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করবে। অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি হবে না।
তারা প্রজ্ঞার পরিচয় দেবেন। জনরায়ের মাধ্যমে যে বিষয়টা (গণভোট-জুলাই জাতীয় সনদ) চূড়ান্ত হয়ে গিয়েছে, সেটা নিয়ে আমরা যেন বিতণ্ডা না করি। এটা নিয়ে জটিলতা সৃষ্টি না করি। এটা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না।’
তিনি বলেন, ‘এটার (তত্ত্বাবধায়ক সরকার) চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে। আশা করি সংবিধান সংস্কার পরিষদে। এটার ব্যাপারে জনগণ রায় (গণভোট) দিয়েছে। এখানে (জুলাই জাতীয় সনদ) যে পদ্ধতি বলা আছে, সেটাই চূড়ান্ত হবে বলে আশা করি। এটাই আমার আকাঙ্ক্ষা। গণভোটে যেটা পাস হয়েছে, সেটাই শেষ কথা।’
তিনি আরও বলেন, ‘গণভোটে যে ৪৮টি বিষয় জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে, জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই এটা মেনে নিয়ে সংবিধান সংশোধন করবে।’
গণভোটের ফলাফলের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা আমাদের দেখার বিষয়। আমরা যখন ঐকমত্য কমিশনে ছিলাম, বিএনপির পক্ষ থেকে যারা সেখানে প্রতিনিধিত্ব করেছিল, তারা যে বক্তব্য দিয়েছে, তারা কিন্তু গণভোটের রায় মানার কথা বলেছিল। আমরা আশা করি জনগণের রায় মেনে নিয়ে দরকার হলে সরকারি দল, বিরোধী দল আলাপ-আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।’
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ সংশোধনীর রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, ‘রায়টা আমি ঐতিহাসিক মনে করি। কারণ এই ব্যবস্থাটা আমাদের গণতন্ত্রের জন্য অপরিহার্য। আমাদের দেশে যে ১৫-১৬ বছর ধরে যে স্বৈরাচারী ব্যবস্থা চালু করা হয়েছিল, এর সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়ে।’
ত্রয়োদশ সংশোধনী নিয়ে ২০১১ সালে আপিল বিভাগ ভুল রায় দিয়েছিল মন্তব্য করে এই আইনজীবী আরও বলেন, ‘তবে এই রায়ের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করলাম এবং আপিল বিভাগও তার ভুলটা সংশোধন করতে পারল। এটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। কাজেই সব দিক থেকেই আমি এই রায়ের ব্যাপারে সন্তুষ্ট।’
এক প্রশ্নে শরীফ ভূঁইয়া বলেন, ‘আদালত রায়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন্য প্রয়োজনীয় এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হয়ে গেছে। তবে এই ব্যবস্থাকে যদি আরও ঢেলে সাজাতে হয় জনগণের কল্যাণে, গণতন্ত্রের প্রয়োজনে, সেটা সংসদ করতে পারে। আদালতের যেটুকু করার ছিল, এই রায়ের মাধ্যমে সেটুকু হয়েছে। বাকিটুকু অবশ্যই নির্বাচিত প্রতিনিধি, সংসদ বা সংস্কার পরিষদ যদি গঠিত হয়, তারা সেটার চেষ্টা করতে পারেন।’
ভিওডি বাংলা/খতিব/এমএস







