শেখ রবিউল আলম:
ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করছে। তিনি বলেন, আগে যেভাবে তেলের রেশনিং পদ্ধতি প্রয়োগ করা হতো তা আর নেই। পর্যাপ্ত তেলের মাধ্যমে যাত্রীদের চাপ সামলানো সম্ভব হচ্ছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, “সরকার পর্যায়ক্রমে তেল সরবরাহ নিশ্চিত করতে তৎপর। এটি শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্তরের একটি সমস্যা। অনেক উন্নত রাষ্ট্রও জ্বালানি তেলের সংকটে ভুগছে।”
তিনি মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়কের ৭০ কিলোমিটার এলাকায় রাবনাবাদ নদীর ওপর নির্মাণাধীন ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের মাত্র ২৫ দিনের প্রচেষ্টা হলেও কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্বের সঙ্গে জনগণের প্রত্যাশা ও দাবিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। এটি জনগণভিত্তিক সরকারের চিত্র তুলে ধরে।
রাবনাবাদ সেতু নির্মাণ সম্পন্ন হলে এলাকায় জনভোগান্তি লাঘব হবে। মন্ত্রী জানান, “সেতুটি এলাকার অর্থনীতিতে নতুন গতি আনবে। স্থানীয় মানুষ সহজেই তাদের উৎপাদিত পণ্য পরিবহন করতে পারবে। উপজেলা থেকে জেলা ও রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন হবে, যা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।”
শেখ রবিউল আলম আরও বলেন, সরকার মনে করছে রাবনাবাদ সেতু এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, “এটি দীর্ঘদিনের জনগণের দাবি পূরণ করবে এবং এটি একটি জনবান্ধব সরকারের দায়িত্ব।”
এ সময় তিনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর এর ভূমিকাকেও গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন। মন্ত্রী বলেন, “সংসদ সদস্য এখানকার মানুষের আকাঙ্ক্ষা বুঝেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগী। নির্বাচিত সরকারেরও জবাবদিহিতা এবং জনকল্যাণে দায়িত্ব আছে।”
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/জা







