বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রস্তুতি ক্যাম্পের এই দল ঘোষণা করা হয় রোববার। ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দ এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ।
আগামী ২৬ মার্চ ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে এশিয়া কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।
গত বছরের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে থাকা পাঁচ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।
নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মণের জায়গা হয়নি। এছাড়া ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল এবং ডিফেন্ডার তাজ উদ্দিনও বাদ পড়েছেন।
লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও প্রাথমিক ক্যাম্পে রাখা হয়নি। তবে তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামিদুল ইসলামও এবার স্কোয়াডে রয়েছেন।
গোলরক্ষক মিতুল মারমার সাম্প্রতিক পারফরম্যান্সের পর অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দলে ফেরার গুঞ্জন থাকলেও তাকে এবার স্কোয়াডে রাখা হয়নি।
ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আগামীকাল ঢাকার একটি হোটেলে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
২৮ জনের ক্যাম্প স্কোয়াড:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
ভিওডি বাংলা/আ







