লাইলাতুল কদর: মুমিনদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ করণীয়

বিদায়ের প্রহর গুনছে পবিত্র মাহে রমজান। এই বিদায়ের মুহূর্তেই মুমিনদের জন্য মহান আল্লাহর বিশেষ উপহার হলো লাইলাতুল কদর—যে রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এই রাতে ইবাদত করলে টানা এক হাজার মাস বা প্রায় ৮৩ বছর ৪ মাসের ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ করা যায়।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।” এই অসাধারণ সুযোগ কাজে লাগাতে মুমিনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো—
১. কদরের রাত অনুসন্ধান করুন
লাইলাতুল কদর নির্দিষ্ট কোনো রাতে হবে—এটি স্পষ্টভাবে নির্ধারিত নয়। তবে ইসলামী বর্ণনা অনুযায়ী রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলো—২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাতে কদর হওয়ার সম্ভাবনা বেশি। তাই এসব রাতে বিশেষভাবে ইবাদতের প্রস্তুতি নেওয়া উত্তম।
২. ইতিকাফের মাধ্যমে ইবাদতে মনোযোগ
রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করা সুন্নত। কেউ পুরো সময় ইতিকাফে থাকতে না পারলেও নিজের সামর্থ্য অনুযায়ী কয়েক ঘণ্টা বা কয়েক দিনের জন্য ইতিকাফের নিয়ত করতে পারেন। এতে দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে থেকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা সহজ হয়।
৩. ইবাদতের পরিকল্পিত সময়সূচি
কদরের রাতে সময় যেন অপচয় না হয়, সেজন্য একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা ভালো। তারাবির নামাজ থেকে সেহরি পর্যন্ত সময় ইবাদতে কাটানোর চেষ্টা করুন। এ সময়ে কোরআন তিলাওয়াত, অর্থসহ পাঠ ও অনুধাবন, নফল নামাজ এবং তাহাজ্জুদ আদায় করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি একান্ত মনে আল্লাহর কাছে মোনাজাত করুন।
৪. বিশেষ দোয়া ও দান-সদকা
হজরত আয়েশা (রা.) একবার রাসূল (সা.)-এর কাছে জানতে চেয়েছিলেন, কদরের রাতে কোন দোয়াটি পড়া উত্তম। তখন নবীজি (সা.) তাকে শিখিয়েছিলেন—
“আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।”
অর্থাৎ, হে আল্লাহ! আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন।
এছাড়া এই রাতে দান-সদকা করারও বিশেষ ফজিলত রয়েছে।
৫. নিজের চাওয়া ও ভবিষ্যতের পরিকল্পনা আল্লাহর কাছে তুলে ধরুন
জীবনের স্বল্প ও দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলো মনে মনে সাজিয়ে নিন। কদরের রাতে আন্তরিকভাবে সেই সব চাওয়া আল্লাহর কাছে পেশ করুন। একই সঙ্গে সংকল্প নিন, রমজান মাসে যে ইতিবাচক পরিবর্তন নিজের জীবনে এসেছে, তা যেন আগামী দিনগুলোতেও বজায় থাকে।
লাইলাতুল কদর মুমিনদের জীবনে পরিবর্তনের এক অনন্য সুযোগ। তাই এই মহামূল্যবান রাতটি যেন অলসতায় নষ্ট না হয়—বরং ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভের চেষ্টা করতে পারি।
ভিওডি বাংলা/এমএস







