রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে মানববন্ধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা নির্মূলে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান’-এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল-‘চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এবং ‘চাঁদাবাজ, সন্ত্রাস ও ভূমিদস্যু বড়বাইশদিয়া ইউনিয়নে চলবে না, চলবে না’।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো অপরাধ সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ দমনে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, বড়বাইশদিয়া ইউনিয়নে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সম্প্রতি চরহালিম এলাকায় মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টিও মানববন্ধনে উল্লেখ করা হয় এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন শিকদার, ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক আমানুল্লাহ আরমান এবং ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম তুহিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/মোঃ কাওছার আহম্মেদ/আ







