সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার, ২০ মার্চ, দেশজুড়ে ঈদ উদযাপন হবে। এটি ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।
সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বিশেষায়িত বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তে কেবল অস্ট্রেলিয়ার পর্যবেক্ষণই নয়, প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের তথ্যও বিবেচনায় নেওয়া হয়েছে।
ঘোষণার ভিত্তিতে, অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার, ১৯ মার্চ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে। পরদিনেই দেশের মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল আরও জানিয়েছে, রমজান মাসের শুরু ও শেষ নির্ধারণ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদুল ফিতরের তারিখ ঠিক করা সবই অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের বৈজ্ঞানিক মানদণ্ড অনুসারে করা হয়। এর মধ্যে রয়েছে — সূর্যাস্তের আগে নতুন চাঁদের আবির্ভাব, সূর্যাস্তের পর চাঁদ কতক্ষণ দৃশ্যমান থাকবে এবং অস্ট্রেলিয়া ও আশেপাশের অঞ্চলে চাঁদ দেখা সম্ভব কিনা।
কাউন্সিলের মতে, এই পদ্ধতি বিশ্বের অনেক স্বনামধন্য বৈজ্ঞানিক ও ইসলামি গবেষণা প্রতিষ্ঠান ও ফিকহভিত্তিক সংগঠনও অনুসরণ করে, যা চাঁদ দেখার বিষয়ে সুশৃঙ্খল এবং বৈজ্ঞানিক ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেয়।
সূত্র: গালফ নিউজ
ভিওডি বাংলা/এমএস







