ভূমিকম্পে কাঁপল তুরস্ক

তুরস্কের উত্তরাঞ্চলের তোকাত প্রদেশে শুক্রবার সকালে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫, যা দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) নিশ্চিত করেছে।
এএফএডির প্রাথমিক তথ্যে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভে প্রায় ৬.৩৭ কিলোমিটার (প্রায় ৩.৯৫ মাইল) গভীরে। এর কেন্দ্রস্থল ছিল তোকাত প্রদেশেই।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি ভবন বা অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
তুরস্ক ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে অবস্থিত। সম্প্রতি দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। সেই ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় ছোট-বড় ভূকম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছে।
এএফএডির বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা চালু রাখা হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
ভিওডি বাংলা/এমএস







