আটকে থাকা প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

রাজধানীর নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান ও সম্পন্ন হওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং স্থবির হয়ে থাকা কাজ দ্রুত শেষ করার বিষয়ে আলোচনা করা হয়।
বুধবার (১১মার্চ) দুপুরে রাজধানীর নগরভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় কর্মকর্তারা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর অধীনে বেশ কিছু প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। আবার কিছু প্রকল্পের কাজ সম্পন্ন হলেও সংশ্লিষ্ট কয়েকজন ঠিকাদার পলাতক থাকায় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে না।
সভায় কর্মকর্তাদের এসব প্রকল্প দ্রুত চিহ্নিত করে সমস্যার সমাধান করার নির্দেশ দেন প্রশাসক। যেসব ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখে গেছেন বা পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এছাড়া যেসব প্রকল্প আংশিক সম্পন্ন হয়েছে সেগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নগরীর উন্নয়ন কার্যক্রম সচল রাখতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয় সভায়।
ভিওডি বাংলা/খতিব







