ইসরায়েলে সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যখন ইরান গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল আবিব, হাইফা ও জেরুজালেমের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু মার্কিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুদ্ধ শুরুর পর এটি তাদের সবচেয়ে তীব্র হামলার মধ্যে একটি।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার রাতে তারা ‘খোরামশাহর’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তাদের তথ্য অনুযায়ী, তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে দ্বিতীয়বারের মতো লক্ষ্য করা হয়েছে। একই সঙ্গে হাইফা, পশ্চিম জেরুজালেম এবং বীর ইয়াকুব এলাকার সামরিক স্থাপনাগুলোকেও ক্ষেপণাস্ত্র আঘাতের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।
আইআরজিসি আরও জানিয়েছে, তারা ইরাকের এরবিল শহরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরকেও লক্ষ্য করেছে।
ইসরায়েল জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নাগরিকরা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারছেন।
এদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির একটি তেলক্ষেত্রের দিকে যাচ্ছিল এমন দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







