বাংলাদেশকে বদলে দেবে ফ্যামিলি কার্ড: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরাসরি সহায়তার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ফ্যামিলি কার্ড। তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে বদলে দেবে এই ফ্যামিলি কার্ড। ঈদের আগে কৃষি কার্ড এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্যও কার্ড বিতরণ করা হবে। সরকারের নির্বাচনী অঙ্গীকারনামার ৩১ দফা বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ এটি।”
মঙ্গলবার (১০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, “সরকারের সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ এবং দরিদ্র মানুষের কল্যাণে এই ধরনের পদক্ষেপ দেশের জনকল্যাণমূলক প্রচেষ্টাকে আরও গতিশীল করছে। আমাদের সময় দিন, সামনে আরও চমক আসবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী এবং প্রশংসনীয় উল্লেখ করেন। তারা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং আর্থিক সহায়তা পাবেন, যা তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য সহায়তা হিসেবে প্রমাণিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খালেদ হোসেন মাহবুব, মাননীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া-৩, জনাব শাহ মো. আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, এবং এম এ খালেক পিএসসি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য। সভাপতিত্ব করেন শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া।
ফ্যামিলি কার্ডপ্রাপ্ত এক নারী ইয়াসমিন বলেন, “আমরা গরিব মানুষ। এই কার্ডের মাধ্যমে যে সহায়তা পাব, তা আমাদের সংসারের জন্য অনেক উপকারে আসবে। এতে আমার ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে কিছুটা হলেও সহযোগিতা হবে।”
ভিওডি বাংলা/জা







