• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১০ মার্চ ২০২৬, ০১:২৯ পি.এম.
ঠাকুরগাঁও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম -ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের সব পরিবারই ‘ফ্যামিলি কার্ড’ পাবেন। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এটি সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রহিমানপুর সম্মিলিত ঈদগাঁ আলীম মাদরাসা প্রাঙ্গণে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের আগে আমি বলেছিলাম এটি আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তাই কিছু কাজ ও উন্নয়ন করে ঋণ পরিশোধ করতে চাই।” 

এটি একটি শক্তি-ক্ষমতা উল্লেখ করে তিনি বলেন, “ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয় নয়, এটি একটি শক্তি বা ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে জনগণকে নতুন সুযোগ ও স্বাবলম্বিতা মিলবে। পুরুষরা নারীদের গুরুত্ব দিতে শুরু করবে।”

মন্ত্রী উল্লেখ করেন, সরকারে আসার মাত্র ২২ দিনের মধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর পাশাপাশি ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখ থেকে খাল-খনন শুরু হবে এবং বর্ষার পানি সংরক্ষণ করে খরার সময় কাজে লাগানো হবে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ এবং বীজ কিনতে পারবেন।

তিনি বলেন, “পূর্বে ১৫ বছর আইন ও কানুনের অভাব ছিল। নানাভাবে জনগণকে নির্যাতন করা হয়েছে এবং কার্ড পাওয়ার জন্য টাকা দেওয়া লাগত। এবার কার্ড নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না। হতাশ হবেন না, সবাই কার্ড পাবেন। নারী ডিসি, এসপিরাও কার্ড পাবেন। কার্ডটি কিভাবে ব্যবহার করবেন, তা পরবর্তীতে নির্ধারণ হবে। জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় নয়।”

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শর্তসাপেক্ষে কার্ড বিতরণের কাজ চলছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ৫৯০ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
টিউশনের টাকা জমিয়ে ৬ বছর ধরে দুস্থদের ইফতার করান উর্মি
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
একসঙ্গে ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল আসছে আজ
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল আসছে আজ