ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৪ আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন। হাইকোর্ট এসব আবেদনের শুনানি গ্রহণের পাশাপাশি ব্যালট এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দায়ের করা ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় বলা হয়েছে, ‘২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র এবং সম্পর্কিত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি এই বেঞ্চে অনুষ্ঠিত হবে।’
ভিওডি বাংলা/জা







