ডাসারে র্যাবের অভিযানে ৯২বোতল ফেনসিডিলসহ আটক ১

মাদারীপুরের ডাসার উপজেলায় র্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ মোঃ হামীম বেপারী (৩২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর ইউনিয়নের সার্বিক পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হামীম বেপারী সাতক্ষীরা জেলার কাঠিয়া গ্রামের শাহিনুর বেপারীর ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে এক ব্যক্তি ভারতীয় মাদকের একটি বড় চালান নিয়ে বরিশালের দিকে যাচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান নেয়। প্রায় ঘণ্টা ব্যাপী তল্লাশি ও অভিযান শেষে গোপালপুর এলাকার সার্বিক পেট্রোল পাম্পের সামনে থেকে সন্দেহভাজন ওই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাদ্রব্য (উইন ক্যারেক্স) উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং স্থানীয়দের দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে, আটককৃত হামীম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা, মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/তুহিন মৃধা/আ







