চাটমোহর
পুকুর সংস্কারের সময় কষ্টিপাথরের প্রাচীন বিষ্ণুমূর্তি জব্দ

পাবনার চাটমোহর উপজেলায় পুকুর সংস্কারের সময় প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি জব্দ করেছে স্থানীয়রা।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি কৈ গ্রামের মঠ পুকুর থেকে মূর্তিটি জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ গ্রামে নিমগাছি প্রকল্পের আওতায় স্থানীয় সুফলভোগী মৎস্যজীবিরা মঠ পুকুরে মাছ চাষ করে থাকেন। কয়েকদিন ধরে পুকুরটি সংস্কারের কাজ চলছিল।
শনিবার বেলা ১১টার দিকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার সময় দ্বি-খন্ডিত একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি মাটির সাথে উঠে আসে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী ও পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণমূর্তিটি জব্দ করে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মূর্তিটি বিষ্ণু দেবতার এবং সেটি কষ্টিপাথরের বলে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, 'বাঘলবাড়ি কৈ গ্রামের মঠের পুকুরে একটি প্রাচীন বিষ্ণুমূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে। ঐতিহাসিক নির্দশনটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মূর্তিটি কষ্টিপাথরের কিনা বা কতো বছরের পুরোনো সেটি প্রত্নতত্ত্ব বিভাগ নিশ্চিত করবে। আপাতত হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।'
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন। ধারণা করা হচ্ছে, এলাকাটিতে পূর্বে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়েছিল।
ভিওডি বাংলা/এম এস রহমান/আ







