যশোরের ২ এমপি ঈদ উপহার নিয়ে উপস্থিত ক্ষতিগ্রস্তদের পাশে

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামে নিজে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দিলেন পরম মমতায় ভরা উপহার।
সাধারণত জনপ্রতিনিধিদের বড় বড় জনসভায় দেখা গেলেও, আজ ডা. ফরিদকে দেখা গেল ভিন্নরূপে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যারা নিভৃতে চোখের জল ফেলছিলেন, তাদের বাড়ির দাওয়ায় গিয়ে আজ অভিভাবকের মতো পরম মমতায় পাশে দাঁড়ান তিনি। ঝিকরগাছার ১০০টি এবং চৌগাছার ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের আঙিনায় সরাসরি উপস্থিত হয়ে তিনি তাদের সাহস জোগান।
নবনির্বাচিত এই সংসদ সদস্য এদিন ১৫০টি পরিবারের হাতে তুলে দেন ৩ হাজার টাকা সমমূল্যের খাদ্য সামগ্রীর প্যাকেট। তবে স্থানীয়দের মতে, এই প্যাকেটগুলো কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল না, বরং তা ছিল একজন জনপ্রতিনিধির ভালোবাসা এবং গভীর সহমর্মিতার নিদর্শন। নিজ দুয়ারে সংসদ সদস্যকে এভাবে হাজির হতে দেখে অনেক ভুক্তভোগীই আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরিবারগুলোর সাথে আলাপকালে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ কড়া ভাষায় সহিংসতার নিন্দা জানান। তিনি বলেন, "ভোট দেওয়া নাগরিকের অধিকার। পছন্দের মানুষকে ভোট দেওয়ার কারণে কারও ওপর হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে নির্ভয়ে বসবাস করতে পারে। এই জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করব।"
শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, শান্তিকামী মানুষের ওপর যারা হামলা করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। একই সাথে তিনি ঘোষণা দেন যে, আজকের এই সহায়তা কেবল শুরু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যতক্ষণ না পুরোপুরি স্বাবলম্বী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পুনর্বাসন প্রক্রিয়া ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা-জুবায়ের হোসেন/জা







