ভিভিআইপি ফ্লাইট:
প্রধানমন্ত্রীর বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল, তদন্তে অনিয়ম

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে পুনরায় যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের গুরুতর দুর্বলতার তথ্য সামনে এসেছে। অভ্যন্তরীণ তদন্তে জানা গেছে, গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানকে বহন করার জন্য এই বিমানটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহার করা হয়েছিল।
তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে। তিন সদস্যের এই কমিটির সদস্য ছিলেন ব্যবস্থাপক, অর্থ (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম। কমিটি উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার সকল অনিয়ম খতিয়ে দেখেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৯ ও ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম লক্ষ্য করা গেছে। বিশেষভাবে ১০ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কার্য সম্পন্ন করা হয়েছিল মাত্র আড়াই ঘণ্টার মধ্যে, যা বোয়িং ৭৮৭-৯ মডেলের জন্য সময়ের তুলনায় অস্বাভাবিক কম। এছাড়া যন্ত্রাংশ পরীক্ষা, ত্রুটি নির্ণয় ও কার্যকারিতা যাচাইয়ের সঠিক কোনো রেকর্ড পাওয়া যায়নি।
কমিটির তথ্য অনুযায়ী, ১৫ দিনের মধ্যে একই যান্ত্রিক ত্রুটি তিনবার দেখা গেলেও তা উপেক্ষা করা হয়েছিল। গত ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি-২০২ ফ্লাইটের মাঝ আকাশে ভিএফএসজি বিকল হয়। কমিটি উল্লেখ করেছে, এই ধরনের ত্রুটি বড় ধরনের অগ্নিকাণ্ড বা গিয়ারবক্সের অপূরণীয় ক্ষতির কারণ হতে পারত।
রক্ষণাবেক্ষণ ও মেরামতের এই উদাসীনতার কারণে প্রায় ২৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিভিন্ন বিমান থেকে যন্ত্রাংশ সরবরাহ, প্রতিস্থাপন এবং জরুরি ভিত্তিতে যন্ত্রাংশ পরিবহনের ফলে এই বিপুল অর্থ ব্যয় হয়েছে। তদন্ত কমিটি এই ক্ষতির দায় নির্ধারণের পাশাপাশি পুরো প্রক্রিয়াকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছে।
প্রতিবেদনে দুই প্রকৌশলী হীরালাল এবং মো. সাইফুজ্জামান খানকে তীব্র সমালোচনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির নথিতে উল্লেখ, উড়োজাহাজে কম ফুয়েল প্রেসারের সতর্কবার্তা আসলেও তারা যথাযথ যাচাই-বাছাই ছাড়াই উড্ডয়নের অনুমতি দেন। এই ভুল সিদ্ধান্ত জন ও মালামালের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করেছিল।
তদন্তের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত দায়িত্বে অভ্যন্তরীণ পর্যায়ে তীব্র অবহেলা দেখা দিয়েছে। কমিটি প্রস্তাব করেছে, ভবিষ্যতে ভিভিআইপি ফ্লাইটের জন্য বিমান ব্যবহারের আগে অতিরিক্ত নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক করা হোক।
বিমানের সংশ্লিষ্ট বিভাগ প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে, তবে আনুষ্ঠানিক মন্তব্য দিতে রাজি হয়নি।
ভিওডি বাংলা/জা







