শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্য ১৬ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের কঠোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের উদ্দেশ্য হলো শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানো।
শুক্রবার (৬ মার্চ) বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘোষণা দেন। তিনি বলেন, “শিশুদের ওপর ক্রমবর্ধমান মোবাইল ব্যবহারের খারাপ প্রভাব রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত রাখা হবে।”
কর্ণাটক হলো ভারতের প্রথম রাজ্য যেখানে এই ধরনের সম্পূর্ণ বয়সভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো। প্রযুক্তিনগরী বেঙ্গালুরু এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু।
বিশ্বব্যাপী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। একই ধরনের নীতি বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য, ডেনমার্ক ও গ্রিস।
ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম বাজার। দেশে প্রায় ১০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী এবং ৭৫ কোটি স্মার্টফোন রয়েছে। বিশেষ করে মেটা-এর প্ল্যাটফর্মগুলো-ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ-সর্বাধিক জনপ্রিয়।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু বয়সভিত্তিক নিষেধাজ্ঞা সবসময় কার্যকর হবে না। অনেক শিশু ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সহজেই এই সীমাবদ্ধতা এড়িয়ে যেতে পারে। কর্ণাটকের প্রতিবেশী রাজ্য গোয়া-ও একই ধরনের নিষেধাজ্ঞা প্রণয়ন নিয়ে ভাবছে।
এছাড়া অন্ধ্রপ্রদেশেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রস্তাব করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







