ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযান শেষ হওয়ার আশা প্রকাশ করলেও এখন তিনি জানিয়েছেন—লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযান শুরুর পরদিন ১ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, আগামী চার সপ্তাহের মধ্যে এই সামরিক অভিযান শেষ হবে বলে তিনি আশা করছেন।
এরপরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ জানান, সংঘাতের মেয়াদ আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।
তবে বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো; ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।”
ইরানে অভিযানের জেরে যুক্তরাষ্ট্রের ভেতরে হামলার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় উদ্বিগ্ন হওয়া উচিত। তবে আমি এও মনে করি যে মার্কিনিরা সবসময়েই এই উদ্বেগের মধ্যে থাকে।”
এদিকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, “এটা খুবই দুঃখজনক; কিন্তু যুদ্ধে কিছু মানুষ নিহত হবে। আপনি যখন যুদ্ধে যাবেন, কিছু মানুষ নিহত হবেই।”
ভিওডি বাংলা/এমএস







