জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ রুল জারি করেন।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাব মহাপরিচালককে।
রিট আবেদনে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে গেছে। সরকার এসব অস্ত্র উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি।
পিটিশনে আরও উল্লেখ করা হয়, এই বিপুল সংখ্যক অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে এবং এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এমতাবস্থায় সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন রক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে রিট দায়ের করা হয়েছিল।
এই আবেদনের প্রেক্ষিতে আদালত সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য রুল জারি করেছেন।
ভিওডি বাংলা/আ







