যমুনা নদীতে অভিযান
ইলেকট্রো ফিসিং সরঞ্জাম জব্দ, দুইজনকে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইলেকট্রো ফিসিংয়ের বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ১০টি ইলেকট্রো ফিসিং রড, ১৫টি ব্যাটারি ও ৮টি ইনভার্টার জব্দ করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধ মাছ শিকারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া জাটকা মাছ উপজেলার দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস জানান, যমুনা নদীতে অবৈধ ইলেকট্রো ফিসিং বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। অভিযানে জব্দকৃত ব্যাটারি ও ইনভার্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সম্পদ রক্ষায় যমুনা নদীতে অবৈধ ইলেকট্রো ফিসিং ও জাটকা নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/মোঃ মনিরুজ্জামান জাহিদ/আ







