শেখ রবিউল আলম:
ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই

ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। সড়ক ও মহাসড়কে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় রাখা হবে। স্থানীয় প্রশাসনকেও সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সড়ক ও মহাসড়ক যেসব থানা ও জেলার অধীনে রয়েছে, সেসব এলাকার প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও যাতে যাত্রীদের হয়রানি বা অনৈতিক সুবিধা নেওয়ার ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
শেখ রবিউল আলম আরও বলেন, পরিবহন খাতের মালিক ও শ্রমিক নেতারাও এ বিষয়ে দায়িত্ব নিয়েছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। যাত্রীদেরও সড়কে শৃঙ্খলা মেনে চলা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করার আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/জা







