রবি চৌধুরীর অভিযোগে মুখ খুললেন ডলি সায়ন্তনী

এক সময়ে দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় ও আলোচিত দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। গান আর পারিবারিক জীবনের সমন্বয়ে গড়ে ওঠা তাদের সংসার ভক্তদের কাছে ছিল ঈর্ষণীয়। তবে হঠাৎ করেই সেই সম্পর্কে ভাঙন ধরে এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে।
দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের কারণ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। সেখানে তিনি বিপ্লব নামের এক গাড়িচালকের প্রসঙ্গ তুলে ডলি সায়ন্তনীর সঙ্গে সম্পর্ক ভাঙার পেছনে পরকীয়ার ইঙ্গিত দেন।
এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ডলি সায়ন্তনী অভিযোগগুলোকে ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। মধ্যরাতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।
বিষয়টি নিয়ে অযথা বিতর্ক না করার অনুরোধ জানিয়ে এই গায়িকা বলেন, তারা সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ব্যক্তিগত বিষয়কে অপ্রয়োজনীয় আলোচনায় না টানার আহ্বানও জানান তিনি।
ডলি সায়ন্তনী আরও স্পষ্ট করে বলেন, ডিভোর্স তিনিই দিয়েছিলেন। তবে কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখন প্রকাশ করতে চান না। তার ভাষ্য অনুযায়ী, বিচ্ছেদের সময়ই এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছিল।
সবশেষে তিনি বলেন, বহু বছর পর পুরোনো বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। পাশাপাশি পবিত্র রমজান মাসের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে সবার জন্য কল্যাণ কামনা করেন এই সংগীতশিল্পী।
ভিওডি বাংলা/জা







