কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও মদ উদ্ধার

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১ মার্চ) ভোর রাতে ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪,৫৬০ (চৌত্রিশ হাজার পাঁচশত ষাট) পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেট বাজির আনুমানিক সিজার মূল্য ৮,৬৪,০০০/- (আট লক্ষ চৌষট্টি হাজার) টাকা।
এর পূর্বে, ২৮ ফেব্রুয়ারি দুপুরে বিলগাথুয়া বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব বিলগাথুয়া মাঠে আরেকটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ (ত্রিশ) বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা।
উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
কুষ্টিয়া (৪৭) বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর ও অঙ্গীকারাবদ্ধ। সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আ







