আইনমন্ত্রী:
ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নরসিংদীতে ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে, প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করবো। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা ১৩৩ অধ্যাদেশের প্রত্যেকটিই পেশ করা হবে।
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় নয় জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। রাতেই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তার ছেলে রয়েছেন। তবে মূল অভিযুক্ত নূরা এখনও গ্রেফতার হয়নি।
তিনি আরও বলেন, মামলার জট আমাদের দেশে একটি প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করলে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবেন বলেও জানান তিনি।
মাদক-সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, হানাহানি-মারামারি এসব ব্যাপারে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী । পাশাপাশি সরকারের ভালো কাজের ভাবমূর্তি গুটিকয়েক দুষ্কৃতিকারীর কারণে নষ্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ভিওডি বাংলা/জা







