জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এর সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানা–এর আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে এভাবে গ্রেপ্তার দেখানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এ মামলার নম্বর ৪১।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভীকে পৃথক পাঁচটি মামলায় জামিন দেন।
তবে কারামুক্তির প্রক্রিয়া শুরুর আগেই পুলিশ সিদ্ধিরগঞ্জের একটি মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ফলে বর্তমানে কারাগারে থাকা এই সাবেক মেয়রের বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে।
গত বৃহস্পতিবার আইভী ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলাসহ সদর মডেল থানায় দায়ের করা পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পান।
বর্তমানে এসব পাঁচ মামলায় জামিন থাকলেও সিদ্ধিরগঞ্জের নতুন এই মামলাটি তার কারামুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
ডা. আইভীকে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার পৈত্রিক নিবাস ‘চুনকা কুটির’ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
ভিওডি বাংলা/আ







