বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্দের পদত্যাগ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ)-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বোর্জ ব্রেন্দে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি এ ঘোষণা দেন।
এক বিবৃতিতে ব্রেন্দে বলেন, ‘গভীরভাবে বিবেচনা করে আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখানে কাটানো সাড়ে আট বছর আমার জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। সহকর্মী ও অংশীদারদের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হয়েছে, কোনো বিচ্যুতি ছাড়া ফোরামের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময়।’
ধারণা করা হচ্ছে, দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে স্বতন্ত্র তদন্ত শুরুর প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করেছেন। তবে নিজের বিবৃতিতে এপস্টিনের প্রসঙ্গ উল্লেখ করেননি ব্রেন্দে।
২০১৭ সালে ডব্লিউইএফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন নরওয়ের এই রাজনীতিক। এর আগে তিনি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা যায়, এপস্টিনের সঙ্গে ব্রেন্দের তিনটি ব্যবসায়িক নৈশভোজ হয়েছিল। পাশাপাশি ওই অর্থ বিনিয়োগকারীর সঙ্গে ইমেইল ও খুদে বার্তায় নিয়মিত যোগাযোগের তথ্যও উঠে এসেছে। এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন।
ভিওডি বাংলা/আ







