সুনামগঞ্জ সদরে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুল হাই

আসন্ন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই–এর নাম আলোচনায় এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে প্রার্থী হিসেবে দেখার আগ্রহ দেখা যাচ্ছে।
এলাকাবাসী ও যুবসমাজের ভাষ্য, মোহাম্মদ আব্দুল হাই দীর্ঘদিন ধরে স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি রঙ্গারচর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, সামাজিক বিরোধ মীমাংসা, দরিদ্র সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তিনি সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান ও মানুষের পাশে দাঁড়ানোর কারণে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন। ফলে অনেকেই তাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
তাদের প্রত্যাশা, তিনি প্রার্থী হলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদ আব্দুল হাই বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচন সংক্রান্ত বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও নতুন করে সরগরম পরিবেশ তৈরি হয়েছে।
ভিওডি বাংলা/এম আর সজিব/আ







