এল মেনচো নিহত
মেক্সিকোয় বিশ্বকাপ আয়োজন নিয়ে মুখ খুললেন ইনফান্তিনো

মেক্সিকোতে মাদকচক্রের শীর্ষ নেতাকে হত্যার পর ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বার্তা সংস্থা এএফপিকে বলেন, মেক্সিকো বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যাপারে তিনি “খুবই আশাবাদী।” কলম্বিয়ার বাররানকিয়া শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি খুবই আশাবাদী, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।”
দুই দিন আগে সেনাবাহিনীর অভিযানে মাদকচক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে এল মেনচো নিহত হওয়ার পর কার্টেল সদস্যদের সহিংসতার প্রভাব পড়ে বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারা-তে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি মেক্সিকো; অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের জন্য “কোনো ঝুঁকি নেই” বলে আশ্বস্ত করেছেন এবং নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা দেওয়ার কথা জানিয়েছেন।
জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডের বহুল আলোচিত উরুগুয়ে বনাম স্পেন ম্যাচও রয়েছে। এছাড়া মন্টেরে-র সঙ্গে যৌথভাবে মার্চের শেষে প্লে-অফ রাউন্ড আয়োজন করবে গুয়াডালাজারা, যেখানে বিশ্বকাপের শেষ দুটি দলের যোগ্যতা নির্ধারিত হবে।
ভিওডি বাংলা/আ






