৪৪তম বিসিএস:
শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে পদায়ন

শিক্ষা মন্ত্রণালয় ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সুপারিশপ্রাপ্ত ৩৪৮ জনের মধ্যে ২২ জন কর্মকর্তা নির্ধারিত সময়ে চাকরিতে যোগ দেননি।
মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এসকল কর্মকর্তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা ইতোমধ্যে তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে মোট ৩৪৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
যোগদানের সময়সীমা বেঁধে দেওয়া হলেও নিয়োগপ্রাপ্তদের ৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ পর্যন্ত ৩২৬ জন কর্মকর্তা গত ৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদান করেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে তাদের এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে সুপারিশ করা হলেও চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজে তাদের পদায়ন করা হয়েছে।
এতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এই সময়ের মধ্যে অন্য কোথাও বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এবারের পদায়নে বিভিন্ন বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো- বাংলায় ২৪ জন, ইংরেজিতে ২৫ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২৯ জন, দর্শনে ২৯ জন, ইতিহাসে ২৬ জন এবং অর্থনীতিতে ২০ জন। প্রাণিবিদ্যায় ২৪ জন ও সমাজকল্যাণ বিষয়ে ১০ জনসহ অন্যান্য বিষয়ের কর্মকর্তাদেরও পদায়ন সম্পন্ন হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় পদায়নকৃত এসব কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য নির্ধারিত কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান না করলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/জা







