পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিশ্চিত করেছেন, পিলখানা হত্যাকাণ্ডের সব বিচারের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানীর সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের স্বজনরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, “পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, এটি পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্যে একটি। ঘটনার পেছনের মূল উদ্দেশ্য জানতে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল আজও প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি জাতীয় কমিশন গঠন করা হয়, যার প্রতিবেদন আমাদের হাতে এসেছে। তবে তা কার্যকর করা হয়নি।”
তিনি স্পষ্ট করেন, নতুন কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। “অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত সদস্য নিয়ে কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদন ও বিচারাধীন মামলাগুলো সম্পন্ন হবে। অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
শহীদ পরিবারকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। এটি করতে পারে শুধু সেইরা, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মানে না।”
ভিওডি বাংলা/এমএস







