পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিলখানা-এ সেনা হত্যাযজ্ঞে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ শহীদদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। নাগরিক হিসেবে এ ঘটনার তাৎপর্য সবার উপলব্ধিতে থাকা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন স্পষ্ট-এ মন্তব্যও করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ওই ঘটনার পর নানা ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক।
ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকারই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়-এমন আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/জা







