• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডা. এ জেড এম জাহিদ হোসেন:

ফ্যামিলি কার্ডে টাকা চাওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের ফি বা অর্থ লেনদেনের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এ কার্ড প্রদানের নামে কোথাও টাকা চাওয়া হলে তা সম্পূর্ণ বেআইনি এবং প্রতারণা হিসেবে গণ্য হবে। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান সেদিন এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এবং শহরাঞ্চলে সিটি করপোরেশনভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন করে প্রথম শ্রেণির কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা প্রস্তুতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড’ সবার জন্য উন্মুক্ত এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে নির্ধারিত পরিবারের নারী প্রধানের হাতে কার্ড তুলে দেওয়া হবে।

তিনি স্পষ্ট করে বলেন, এই কার্ড পাওয়ার জন্য কোনো তদবির, সুপারিশ বা প্রতিযোগিতার প্রয়োজন নেই। কেউ বাদ পড়বে না এবং কেউ অতিরিক্ত সুবিধাও পাবে না। নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই তালিকা চূড়ান্ত করা হবে।

ডা. জাহিদ বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে আসছে, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে। একটি পরিবারকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব-এই লক্ষ্য থেকেই ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী অভিযোগ করেন, দেশের কিছু এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা চাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এমনকি যেসব এলাকায় এখনও এ কর্মসূচি শুরু হয়নি, সেখানেও অর্থ দাবি করা হচ্ছে বলে তথ্য এসেছে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি সম্পূর্ণ বেআইনি ও প্রতারণামূলক কার্যক্রম বলে জানান তিনি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যদি ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার নামে আর্থিক সুবিধা দাবি করে, তবে তা সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংবাদমাধ্যমকে জানাতে হবে। নাগরিক দায়িত্ববোধ থেকেই এ বিষয়ে সচেতনতা জরুরি।

মন্ত্রী জানান, এ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে একটি ওয়ার্ডে কার্যক্রম শুরু হবে, পরে পর্যায়ক্রমে একাধিক ওয়ার্ড, উপজেলা এবং শেষ পর্যন্ত সারাদেশে তা বিস্তৃত করা হবে। আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ বলে জানান মন্ত্রী। কিন্তু কিছু মহল এটিকে বাধাগ্রস্ত করতে অপপ্রচার ও চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় দেশবাসী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে দেশে একটি সমন্বিত তথ্য সংগ্রহ ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে মাঠপর্যায়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে এসব তথ্য সফটওয়্যারভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, এ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং অন্তর্ভুক্তি বা বর্জনের ক্ষেত্রে অনিয়মের সুযোগ থাকবে না। সম্ভাব্য ত্রুটি শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় বরাদ্দ অর্থ সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত মায়ের মোবাইল নম্বরে পাঠানো হবে। উপকারভোগী চাইলে বিকাশ বা অন্য কোনো বৈধ মাধ্যমে সেই অর্থ উত্তোলন করতে পারবেন। অর্থ বিতরণে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত তদারকি করবেন, যাতে উপকারভোগীরা সঠিকভাবে অর্থ পান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানায় শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিডিআর বিদ্রোহ ও পিলখানা ট্র্যাজেডি দিবস আজ
বিডিআর বিদ্রোহ ও পিলখানা ট্র্যাজেডি দিবস আজ