জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দুপুরে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ফলাফলের অনুলিপি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বছর মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ-এই দুই ধরনের বৃত্তির জন্য আলাদা কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টনের পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা দুইভাবে তাদের ফল জানতে পারবে-অনলাইন ও এসএমএসের মাধ্যমে।
অনলাইন পদ্ধতি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) এ প্রবেশ করে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রোল নম্বর এবং সাল ২০২৬ (2026) উল্লেখ করলেই ফল দেখা যাবে।
এসএমএস পদ্ধতি:
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষার প্রথম দিন বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বর নির্ধারিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে স্থগিত এই দুটি বিষয়ের পরীক্ষা চলতি বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা পৃথকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন করে ফল প্রকাশ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দ্রুত তাদের ফল জানতে পারে।
ভিওডি বাংলা/জা







