• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে আপত্তি

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পোশাক নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা, জনমত যাচাই ও সদস্যদের মতামত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৩-০৪ সালে তৎকালীন সরকারের গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে দীর্ঘ যাচাই-বাছাই শেষে খাকি পোশাক পরিবর্তন করে বর্তমান ইউনিফর্ম চালু করা হয়েছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের দায়িত্ব পালনের সময় সহজে চিহ্নিত হওয়ার বিষয় এবং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর দিকগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া হয়।

কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে, সেখানে এসব গুরুত্বপূর্ণ বিষয় যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সদস্যদের মতামত গ্রহণ বা কোনো ধরনের জনমত যাচাই ছাড়াই নতুন ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে। এতে অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার পোশাকের সঙ্গে সাদৃশ্য তৈরি হয়েছে, ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়তে পারে।

অ্যাসোসিয়েশন জানায়, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই সিদ্ধান্তের পক্ষে নন। তারা মনে করেন, একটি ঐতিহ্যবাহী ও কার্যকর ইউনিফর্ম পরিবর্তনের আগে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন ছিল।

বিবৃতিতে সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গও তুলে ধরা হয়। বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ পুলিশ সদস্যরা ঐতিহ্যবাহী ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করেছেন। সেই নির্বাচনে তাদের পেশাদারিত্ব দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। ফলে ইউনিফর্মের পরিবর্তন নয়, বরং পেশাগত দক্ষতা ও মানসিকতার উন্নয়নই অধিক গুরুত্বপূর্ণ বলে মত সংগঠনটির।

এছাড়া পোশাক পরিবর্তনকে ব্যয়বহুল প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন ইউনিফর্ম প্রণয়ন ও সরবরাহে বড় অঙ্কের অর্থ ব্যয় না করে বাহিনীর আধুনিকায়নে বিনিয়োগ করা বেশি জরুরি। বিশেষ করে থানা পর্যায়ে যানবাহন সরবরাহ, লজিস্টিক সহায়তা বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়ন এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত বলে মত দেওয়া হয়েছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যদের মনোবল, পেশাদারিত্ব ও সেবামুখী মানসিকতা উন্নয়নই এখন সময়ের দাবি। ইউনিফর্মের রং বা নকশা পরিবর্তনের চেয়ে জননিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণই বেশি প্রয়োজন।

সবশেষে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। বাংলাদেশ পুলিশ সদস্যদের আবেগ, বাস্তবতা ও পেশাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে অধিকতর গবেষণা ও জনমত যাচাইয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধী শিবিরের ষড়যন্ত্রের শিকার সেতু মন্ত্রী
বিরোধী শিবিরের ষড়যন্ত্রের শিকার সেতু মন্ত্রী
একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল
একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল
পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব প্রত্যাহার
পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব প্রত্যাহার