অনৈতিক চর্চা পরিহারে কঠোর বার্তা সড়কমন্ত্রীর

অনৈতিক চর্চা পরিহার করে রাষ্ট্রের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নির্মাণকাজে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে এবং জনগণের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে যোগদান করা ৩২ কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
মন্ত্রী নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রশিক্ষণ শেষে তারা পুরোদমে কাজে যুক্ত হবেন। রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে—এই দায়বদ্ধতা সবসময় মনে রাখতে হবে। তিনি বলেন, ‘নিজেদের রাষ্ট্রের স্বার্থে নিবেদিত রাখা সহজ নয়; নানা প্রতিবন্ধকতা থাকে। তবে তরুণ কর্মকর্তারা চাইলে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।’
রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ—এ কথা উল্লেখ করে তিনি বলেন, অনৈতিক চর্চা থেকে বিরত থেকে সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ; এ ক্ষেত্রে নবীন কর্মকর্তাদের সততা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও সরকারের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ নিতে হবে, উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনই একজন প্রকৃত কর্মকর্তার পরিচয়।’
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, আগামীর বাংলাদেশ সবাইকে মিলেই গড়ে তুলতে হবে। সড়ক নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি সড়ক বন্ধ থাকলে লাখো মানুষের দুর্ভোগ হয়; তাই নির্বিঘ্ন চলাচল, যুক্তিসংগত নির্মাণ ব্যয় এবং নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি নবীন ও প্রবীণদের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, নবীন কর্মকর্তারা তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে দেশকে সেবা করবেন—এটাই সবার প্রত্যাশা। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও সুনাম অর্জনের আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণার্থীদের পক্ষে সহকারী প্রকৌশলী (সিভিল) নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম বক্তব্য দেন। তারা বলেন, এই ইনডাকশন কোর্স নবীন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, প্রশাসনিক জ্ঞান ও নৈতিক দায়িত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।
ভিওডি বাংলা/ আ







