ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

সুপার এইট পর্বে বড় ধাক্কা খেল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের ব্যবধানে হেরে টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ধাপ শুরু করল তারা।
রোববার (২২ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ১১১ রানে গুটিয়ে যায় ভারত।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না প্রোটিয়াদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হয়ে ফেরেন কুইন্টন ডি কক। এরপর অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন অধিনায়ক এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।
এমন অবস্থায় হাল ধরেন ডেভিড মিলার ও ডিওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে তাদের ৯৭ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। ব্যক্তিগত ফিফটি থেকে ৩ রান দূরে থাকতে শিভম দুবের বলে আউট হন ব্রেভিস (৪৫)। অন্যদিকে মিলার ৩৫ বলে ৬৩ রান করে বিদায় নেন।
শেষ দিকে ট্রিস্টান স্টাবসর ২৪ বলে অপরাজিত ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৮৭ রানে পৌঁছে দেন। ভারতের বোলারদের মধ্যে বুমরাহ নেন ৩ উইকেট, অর্শদীপ সিং পান ২টি। এছাড়া দুবে ও বরুণ চক্রবর্তী একটি করে উইকেট শিকার করেন।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের সূচনাও ছিল হতাশাজনক। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন ইষান কিশান। টানা চার ম্যাচে ভারতের কোনো না কোনো ওপেনারের শূন্য রানে ফেরার ঘটনা ঘটল। দ্রুত বিদায় নেন তিলক ভার্মা ও অভিষেক শর্মাও।
পাওয়ারপ্লে শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩১ রান। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর লড়াইয়ের চেষ্টা করলেও বড় কোনো জুটি গড়া সম্ভব হয়নি। হার্দিক পান্ডিয়া ১৮ রান করে আউট হলে ভারতের আশা আরও ক্ষীণ হয়ে যায়।
শেষ দিকে শিভম দুবে ৩৭ বলে ৪২ রান করলেও তখন ম্যাচ অনেকটাই হাতছাড়া। ১৯তম ওভারে অলআউট হয়ে যায় ভারত।
শুরুর বিপর্যয় সামলে মিলার-ব্রেভিস জুটির দৃঢ়তায় বড় সংগ্রহ গড়া দক্ষিণ আফ্রিকা পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে সহজেই থামিয়ে দিয়ে সুপার এইট পর্বে দারুণ সূচনা পেল।
ভিওডি বাংলা/এমএস







